নওগাঁ সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া আলিফ হোসেন মুসা নামের পাঁচ মাসের শিশুটিকে ১১ দিন পর উদ্ধার করেছে নওগাঁ থানা পুলিশ।
সোমবার রাতে নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক ফয়সাল বিন আহসান ঠাকুরগাঁও থেকে শিশুটিকে উদ্ধার করেন।
এ ঘটনায় একজন নারীকে আটক করে জিঙ্গাসাবাদ করা হচ্ছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
উল্লেখ্য, গত ২ অক্টোবর বুধবার নওগাঁ সদরের তিলকপুর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের ফরিদ হোসেন ও বৃষ্টি আক্তারের শিশু সন্তান আলিফ হোসেন মুসাকে ডায়রিয়ার জন্য সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান। হাসপাতালে শিশুটির সঙ্গে মা ও দাদি ছিল।
জানা যায়, শনিবার বেলা ১২ টার দিকে শিশুটির দাদি হাসপাতালের বাইরে ওষুধ আনতে যায়। অপরদিকে শিশুটির মা শিশুকে নিয়ে করিডোরে হাটছিল। এসময় অজ্ঞাত পরিচয়ের এক নারীকৌশলে শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকে। শিশুটির মা বৃষ্টি আক্তার রুমে বাচ্চার জন্য কাপড় নিতে গেলে ওই অজ্ঞাত নারী ও শিশু কাউকেই দেখতে না পেয়ে হাসপাতাল কতৃপক্ষকে বিষয়টি জানান।
