এমপিওভুক্তি দাবিতে ফের আন্দোলনে শিক্ষকরা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০১:৫৭ এএম

স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের একযোগে এমপিভুক্তি দাবি করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে দুই শতাধিক শিক্ষক-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন।

ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুদুন্নবী ডলার বলেন, অবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত ৫ হাজার ২৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তি করতে হবে। ২০১৮ সালে নতুন নীতিমালা জারি করা হলেও এসব প্রতিষ্ঠান পুরনো। নীতিমালার কথা বলে আমাদের আর দমিয়ে রাখা যাবে না।

ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয়ভূষণ রায় বলেন, ‘আমরা নতুন নীতিমালা মানি না। নীতিমালা একটিই, অ্যাকাডেমিক স্বীকৃতি। নতুন এমপিও নীতিমালা কঠোর। এটি রাজনৈতিকভাবে পর্যালোচনা করা হয়নি। শিক্ষক বা সুধী সমাজও পর্যালোচনা করেনি।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানান তিনি।

এর আগে গত বছরের শুরুতেও এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথমে অবস্থান কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা আমরণ অনশন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত