জামালপুর জেনারেল হাসপাতালে ঘুষ গ্রহণের সময় ১ লাখ ৩৩ হাজার টাকাসহ এক অফিস সহকারীকে আটক করেছে দুদক। বুধবার দুপুরে টাঙ্গাইল দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালায়।
আটক গোলাম মোস্তফা সদর উপজেলার নরুন্দি মিরাপুর গ্রামের কাজী আব্দুস সালামের ছেলে।
টাঙ্গাইল দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালের ২৪ জন নার্সের বিনোদন ভাতার আবেদন আটকে রেখে প্রশাসনিক ভবনের অফিস সহকারী গোলাম মোস্তফা তাদের কাছে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে ৩৬ হাজার টাকা ঘুষ দাবি করেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ওই ৩৬ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় গোলাম মোস্তফা খোকনকে আটক করা হয়। পরে তার পকেট থেকে ২৭ হাজার ৩২ টাকা ও আলমারি থেকে ৭০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩৩ হাজার ৩২ টাকা উদ্ধার করে দুদক।
এছাড়া আটক গোলাম মোস্তফার বিরুদ্ধে বেতন বিলের চেক, মাতৃত্বকালীন ছুটির আবেদন আটকে রেখে ঘুষ গ্রহণের অভিযোগও রয়েছে। প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটক গোলাম মোস্তফার বিরুদ্ধে এজাহার দায়ের শেষে আদালতে পাঠানো হয়।
