শরীয়তপুর সদর উপজেলায় চোরের দায়ের কোপে ফাতেমা বেগম (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষিকার হত্যাকাণ্ডে জড়িত ঘাতকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের পরিবার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
পরে ২টার দিকে শরীয়তপুরের পুলিশ সুপার আবদুল মোমেন বলেন, ফাতেমার হত্যাকারীকে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদরের খালাসিকান্দি এলাকা থেকে আটক করা হয়। হত্যাকারী ফাতেমার ভাশুর আবুল মাদবরের ছেলে হান্নান মাদবর (২৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করেছে। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত ছিল। তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
গত শনিবার রাতে সদর উপজেলার বিনোদপুর খালাসিকান্দি গ্রামের মালয়েশিয়াপ্রবাসী নাসির মাদবরের স্ত্রী ও বগাদী দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষিকা ফাতেমাকে নিজের ঘরে কুপিয়ে হত্যা করে চোরের দল। তিনি গত বৃহস্পতিবার ব্যাংক থেকে ৩ লাখ টাকা তুলে আলমারিতে রেখেছিলেন। চোরের দল তার দুই ছেলেকেও কুপিয়ে আহত করে।
