ভূমি অফিসের দুর্নীতি দ্রুত দূর করে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। দখলকৃত খাসজমি, জলমহাল ও অন্যান্য সরকারি জমি উদ্ধার করে নদীভাঙনে গৃহহীন হওয়া মানুষের তালিকা প্রস্তুত করে তাদের পুনর্বাসনের জন্য ভূমি মন্ত্রণালয়ের প্রতি এই সুপারিশ করে সংসদীয় কমিটি।
গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আলী আশরাফ সাংবাদিকদের বলেন, বৈঠকে ভূমিবিষয়ক অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে। কমিটি দখলকৃত খাসজমি, জলমহাল উদ্ধারের সুপারিশ করেছে। এসব জমি উদ্ধার করে নদীভাঙনে গৃহহীনদের জন্য পুনর্বাসনের সুপারিশ করা হয়।
বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে ই-জুডিশিয়ারি শীর্ষক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৯০ কোটি টাকা। পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) কর্র্তৃক সুপারিশকৃত প্রকল্পটির অনুমোদনের লক্ষ্যে একনেক সভায় উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ভূমি মন্ত্রণালয় ও আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করা হয়।’’
