ডিএসসিসির খিলগাঁও কার্যালয়ে অভিযান

জন্মনিবন্ধনে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০২:০৯ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খিলগাঁও আঞ্চলিক কার্যালয়ে জন্মনিবন্ধন সনদ নিতে অনিয়ম ও ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির এনফোর্সমেন্ট টিমের এক সদস্য লাইনে দাঁড়িয়ে নিজেই দেখতে পান ভুয়া তারিখে জন্মগ্রহণের কার্ড দিচ্ছেন ডিএসসিসির স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা। যদিও পরিচয় পাওয়ার পরপরই পালিয়ে যান ওই কর্মচারী। দুদকের অভিযোগ কেন্দ্রে আসা অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার ডিএসসিসির অঞ্চল-২ (খিলগাঁও) কার্যালয়ে অভিযানের সময় এ চিত্র দেখতে পান দুদক কর্মকর্তারা।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য দেশ রূপান্তরকে জানান, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. খায়রুল হক ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি দল ডিএসসিসির খিলগাঁও কার্যালয়ে অভিযানে যায়। এ সময় দলটির এক সদস্য সন্তানের জন্মনিবন্ধন কার্ড করার আবেদন নিয়ে লাইনে দাঁড়ান। তখন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মচারী ওই দুদক কর্মকর্তাকে তার সন্তানের জন্য নকল টিকা কার্ড এবং খিদমাহ হাসপাতাল থেকে ভুয়া তারিখে জন্মগ্রহণের নথি দিয়ে জন্মনিবন্ধন সনদ তৈরি করে দিতে পারবেন বলে জানান। কিন্তু দুদক কর্মকর্তার পরিচয় জানার পর ওই কর্মচারী পালিয়ে যান। এ বিষয়ে দুদক আরও অনুসন্ধান করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত