নড়াইলের লোহাগড়া পৌরসভার সিঙ্গা গ্রামে রমজান (৬) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পুলিশ মৃতদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে ওই শিশুর ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এ হত্যায় শিশুটির মা-বাবাকেই সন্দেহ করছেন এলাকাবাসী।
নিহত রমজান সিঙ্গা গ্রামের ইলু শেখের ছেলে এবং সিঙ্গা-মশাঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শিশু রমজান বুধবার সকালে সিঙ্গা-মশাঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। কিন্তু দুপুরে বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজাখুজির পর বিকেল সাড়ে ৪টার দিকে ওই গ্রামের একটি বাগানের পাশে নালায় তার লাশ পাওয়া যায়।
এলাকাবাসী জানায়, শিশুর মা মারিয়ার সঙ্গে ইলু শেখের সম্পর্কের জেরে রমজানের জন্ম হয়। মারিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সামাজিক চাপে মারিয়াকে বিয়ে করেন ইলু শেখ। কিছুদিন পরে মারিয়াকে তালাক দেন ইলু শেখ। রমজানের ভরণ-পোষণের দাবি করে মারিয়ার পরিবার মামলা করে আদালতে। এতে প্রতিমাসে টাকা দিতে হতো ইলু শেখকে। কয়েকমাস টাকা বাকি থাকায় গ্রেপ্তারি পরওয়ানায় কারাগারেও যেতে হয় ইলু শেখকে।
লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন বলেন,‘শিশুর মা এবং বাবা সন্দেহের তালিকায় আছেন। শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। লাশের ময়নাতদন্ত বৃহস্পতিবার নড়াইল সদর হাসাপাতালে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও মামলা দেয়নি।’
পুলিশ এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত বলতে রাজি হয়নি।
এর আগে সুনামগঞ্জে শিশু তুহিন মিয়াকে হত্যায় তার বাবা ও চাচাকে গ্রেপ্তার করে পুলিশ। যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
