লেগ স্পিনার না খেলানোয় দুই কোচকে ডেকেছে বিসিবি

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০৬:৫০ পিএম

দলে লেগ স্পিনার থাকার পরও কেন জাতীয় ক্রিকেট লিগে তাদের খেলানো হচ্ছে না, এটি জানতে দুই কোচকে ডেকেছে বিসিবি। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ড শুরুর দিনই ডেকে পাঠানো হয় ঢাকা বিভাগ ও রংপুর বিভাগের কোচকে।

লিগে লেগ স্পিনারদের খেলানো নিয়ে আলোচনা অনেক দিনের। হাথুরুসিংহে কোচ থাকার সময় এই চর্চাটা কিছুটা হলেও ছিল। এখন তাদের অবস্থা আরও খারাপ।

সম্ভাবনাময় লেগ স্পিনার জুবায়ের হোসেন গত ২ বছরে সীমিত ওভারের ক্রিকেটে কোনো ম্যাচই খেলার সুযোগ পাননি। প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কেবল ৩টি।

ঢাকার বিপক্ষে এই ম্যাচে রংপুর দলে জায়গা হয়নি তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার কয়েকজন বোর্ড পরিচালকের সঙ্গে অনানুষ্ঠানিক সভায় বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেখানেই উঠে আসে লেগ স্পিনার না খেলানোর প্রসঙ্গ।

পরে বিসিবি সভাপতি বলেন, ‘এই যে জাতীয় লিগ হচ্ছে, এত কিছু বলার পরও, লেগ স্পিনার নিয়ে এত কথা বলছি, অথচ রিশাদকে খেলানো হয়নি এখনও। লিখনকেও (জুবায়ের হোসেন) খেলানো হয়নি। আমরা এত কিছু বলার পরও যদি সেরা একাদশে না নামায়, তাহলে কী করণীয়? আমরা নিশ্চিত ছিলাম আজকে খেলাবে, কিন্তু নামায়নি।’

‘জাতীয় লিগে কেন খেলায়নি, সেটি জানতে আজকেই দুই কোচকে তলব করা হয়েছে। অবশ্যই উত্তর দিতে হবে তাদেরকে। বলার পরও কেন খেলানো হয়নি! ঢাকা ও রংপুরের কোচকে ডাকা হয়েছে। লেগ স্পিনারদের তো খেলাতে হবে! না খেলালে ওরা উঠে আসবে কীভাবে?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত