আবরারকে হত্যার মাধ্যমে পুরো জাতিকে হত্যা করা হয়েছে : রব

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০১:৫৫ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আবদুর রব অভিযোগ করে বলেছেন, বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যার মাধ্যমে সরকার পুরো জাতিকে হত্যা করেছে।

এর মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা বিরোধী মত সহ্য করতে পারে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডাকসুর সাবেক নেতৃবৃন্দের ব্যানারে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা শত কোটি টাকার ঋণখেলাপি হয়েও নির্বাচনে দাঁড়াতে পারে।

আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাত্র দুই কোটি টাকা একটা অ্যাকাউন্টে রেখেছেন, যা সুদ-আসল মিলে এখন আট কোটি টাকা। অথচ বিনা কারণে তাকে সাজা দেওয়া হলো। জেলে রাখা হচ্ছে অসুস্থতার মধ্যেও। এমনকি জামিনযোগ্য হলেও দেওয়া হচ্ছে না জামিন।

মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবরার হত্যার দায় এড়াতে পারেন না। এ জন্য তার বিচার হওয়া উচিত।

মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ডাকসুর সাবেক এজিএস ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত