পুরান ঢাকার গেন্ডারিয়া-শ্যামপুর এলাকার ত্রাস হিসেবে পরিচিত সহিদুর রহমান ওরফে শহীদ কমিশনারের বাহিনীর হাত থেকে বাঁচতে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় যুব মহিলা লীগের নেত্রী আসমা আক্তার, তার স্বামী আবুল হোসেন, স্থানীয় বাসিন্দা রবু, লাকি, মিতু, নার্গিস, পারুল, নিপা, মুক্তাসহ অনেকে।
আসমা আক্তার বলেন, শহীদ কমিশনারের নানাবিধ সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদ করায় গত রোজার মাসে তার স্বামী আবুল হোসেনের ওপর তার লোকজন হামলা করে। তাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে। এরপরও বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয়। এসব বিষয়ে গে-ারিয়া থানায় মামলা করার পরও পুলিশ শহীদ কমিশনারকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দিয়েছে। আবুল হোসেন বলেন, শহীদ কমিশনার বর্তমানে যুক্তরাষ্ট্রে তার ছেলের কাছে অবস্থান করছেন। দেশে তার বড় মেয়ের নেতৃত্বে শহীদের বেতনভুক্ত ক্যাডার রমজান, মাহবুব, বশীর, ফারুকসহ বেশ কয়েকজন তাদের হুমকি দেয়। শুক্রবারও দুর্বৃত্তরা তার (আবুল) বাসায় গিয়ে হুমকি দিয়েছে।
