জঙ্গি নয়, হিন্দু মহাসভা নেতা খুনে বিজেপি নেতাকে দায়ী করলেন মা

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৯:৫২ এএম

ভারতের উত্তরপ্রদেশে লখনউয়ের হিন্দু মহাসভা নেতা কমলেশ তিওয়ারিকে খুনে বিজেপির এক নেতাকে দায়ী করেছেন তার মা। কমলেশের সঙ্গে একটি মন্দিরের মালিকানা নিয়ে বিরোধ ছিল ওই বিজেপি নেতার।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু, কমলেশের পরিবার পুলিশের এই ভূমিকায় সন্তুষ্ট নয়।

শনিবার কমলেশ তিওয়ারির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হিন্দু মহাসভার এই নেতার খুনে হাত রয়েছে শিবকুমার গুপ্তা নামে এক বিজেপি নেতার। দ্রুত ওই নেতাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা।

তবে উত্তরপ্রদেশ পুলিশের প্রধান ওপি সিং এদিন সাংবাদিকদের জানান, হিন্দু মহাসভা নেতা খুনে জড়িত সন্দেহে মাওলানা শেখ সেলিম, ফাইজান ও রশিদ পাঠান নামে তিনজনকে গুজরাট পুলিশ সুরাট থেকে গ্রেপ্তার করেছে। এছাড়া বিজনৌর থেকে আরও দুই মৌলবীকে গ্রেপ্তার করা হয়েছে।

এরপর পুলিশ দাবি করে, কমলেশ খুনের কিনারা তারা করে ফেলেছে। ২০১৫ সালে হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন তিনি। ওই ঘটনার জেরেই তাকে খুন করা হয়।

তবে পুলিশ কর্মকর্তারা জানান, এই খুনের সঙ্গে জঙ্গিযোগ নেই। তেমন কোনো যোগসূত্র আমাদের হাতে আসেনি। এখন পর্যন্ত আমাদের যা মনে হয়েছে, ওই আপত্তিজনক মন্তব্যের কারণেই খুন হয়েছেন কমলেশ।

কিন্তু নিহত হিন্দু মহাসভা নেতার মায়ের মন্তব্যে নতুন মোড় নিয়েছে এ হত্যা মামলা। বৃদ্ধা জানান, এক বিজেপি নেতাই তার ছেলের খুনের নেপথ্যে রয়েছেন।

পুলিশের উদ্দেশে কমলেশের মা বলেন, ‘আপনারা যে কাউকে গ্রেপ্তার করতেই পারেন। এমনকি ফাঁসিতেও ঝোলাতে পারেন। কিন্তু, আমি জানি- শিবকুমার গুপ্তা (বিজেপি নেতা) আমার ছেলেকে খুন করেছে।’

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই সময় জানায়, সীতাপুরের মোহাম্মদপুর এলাকার একটি মন্দিরের মালিকানা নিয়ে কমলেশ ও শিবকুমারের মধ্যে বিরোধ ছিল। আদালতে বিষয়টি বিচারাধীন অবস্থায় ছিল। এরই মধ্যে শুক্রবার লখনউয়ে কমলেশকে খুন করা হয়।

পুলিশ জানাচ্ছে, গেরুয়া পোশাক পরে থাকা দুজন কমলেশকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করে। খুরশিদবাগ এলাকায় নিজ অফিসে ঘটনাস্থলেই নিহত হন ওই হিন্দু মহাসভা নেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত