মন্ত্রী হলে কি রাশেদ খান মেনন এ কথা বলতেন- প্রশ্ন কাদেরের

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৪:৪০ পিএম

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে করা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন- মন্ত্রী হলে কি রাশেদ খান মেনন এ কথা বলতেন?

রোববার সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মেনন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলেরও নেতা। মেনন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। কিন্তু ২০১৮–এর নির্বাচনের পর তাকে আর মন্ত্রিত্ব দেওয়া হয়নি।

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, তিনি (মেনন) যদি বলেই থাকেন, আমার প্রশ্ন হচ্ছে এত দিন পরে কেন? এই সময়ে কেন? নির্বাচনটা তো অনেক আগে হয়ে গেছে। আরেক প্রশ্ন সবিনয়ে, মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন? আর কোনো কিছু বলতে চাই না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, মেননের বক্তব্যের ব্যাপারে ১৪ দলের সমন্বয়কারী মোহাম্মদ নাসিমের কাছে জানতে চাওয়া হবে। এছাড়া, সরকারদলীয় সাংসদ বুবলীর পরীক্ষা জালিয়াতির বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত