মেননের বক্তব্যের পর সংসদ ভেঙে দেওয়া উচিত : রিজভী

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১২:৩৬ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিবেকের তাড়নায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সত্য কথা বলতে শুরু করেছেন। তার এ বক্তব্যের পর নৈতিকতা ও বাস্তবতার দিক দিয়ে সরকারের উচিত সংসদ ভেঙে দেওয়া।

একাদশ সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বলে মেননের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি অবশ্য তার ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন, বক্তব্য সম্পূর্ণ উপস্থাপন না করে অংশবিশেষ উত্থাপন করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

রিজভী বলেন, দুর্নীতিবাজ সরকারের বিশ্বস্ত কমরেড রাশেদ খান মেননের বক্তব্যের লক্ষ্য-উদ্দেশ্য কী তা আমাদের জানা নেই। তবে জাতির সামনে রাজসাক্ষী হয়ে রাতের ভোটের ভোট ডাকাতির স্বীকারোক্তি প্রদানের মাধ্যমে নিজের দায় ও অপরাধ তিনি স্বীকার করে নিলেন। এ বক্তব্যের পর নৈতিকতা ও বাস্তবতার দিক দিয়ে সরকারের উচিত সংসদ ভেঙে দেওয়া।

তিনি বলেন, ক্যাসিনো অভিযানের নামে ছিঁচকে কিছু দুর্নীতিবাজ ধরা হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। এদের কবে ধরা হবে সে প্রশ্নও তুলেছেন রাশেদ খান মেনন। রিজভী বলেন, এখন দেশে চলছে ভানুমতির খেল। তারা এখন নানা তেলেসমাতি দেখানোর চেষ্টা করছে। চেষ্টা করছে জনগণকে ধোঁকা দেওয়ার।

তিনি বলেন, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের মন্তব্য ও বানোয়াট তথ্য পোস্ট করা হচ্ছে, যা খুবই দুঃখজনক।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত