ঢাকা জজকোর্টের আইনজীবীর ক্লার্ক (সহকারী) মোবারক হোসেন ভুঁইয়া (৪৫) হত্যা মামলায় ১২ জনের ফাঁসির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। গতকাল সোমবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাহবুবুর রহমান ভূঁইয়া ওরফে মহুব, মোজাম্মেল হক ভূঁইয়া ওরফে বাদল ভূঁইয়া, আফজাল ভূঁইয়া, এমদাদুল হক ওরফে সিকরিত ভূঁইয়া, নয়ন ভূঁইয়া, ভুলন ভুঁইয়া ওরফে ভুলু, রুহুল আমিন, শিপন মিয়া, সুলতানা আক্তার, দেলোয়ার হোসেন, বিধান সন্ন্যাসী ও নিলুফা আক্তার।
মামলায় পলাতক আসামি তাসলিমা আক্তার ও শামীম ওরফে ফয়সাল বিন রুহুলকে ১ বছর সশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জয়নাল আবেদীন নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মোবারক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গোথালিয়া ভূঁইয়াবাড়ির মৃত ইশাদ ভূঁইয়ার ছেলে। ২০১৫ সালের ২২ অক্টোবর মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের ঘর নির্মাণকে কেন্দ্র করে মোবারক হোসেনের পেটে বল্লম দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
