আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাপানের সম্রাট নারুহিতো। গত মে মাসের শুরুতে সিংহাসনে আরোহণ করলেও মঙ্গল দুপুরে আনুষ্ঠানিক অভিষেক হলো তার।
বিবিসি জানায়, পূর্ব নির্ধারিত সময়ে এদিন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে সিংহাসনে বসেন ৫৯ বছর বয়সী সম্রাট নারুহিতো।
সম্রাটের এই অভিষেক অনুষ্ঠান জাপানি ভাষায় ‘সোকুই নো রেই’ নামে পরিচিত। টোকিওর কেন্দ্রস্থলে অবস্থিত সম্রাটের প্রাসাদে এই অভিষেক অনুষ্ঠানটি আয়োজিত হয়।
দুই হাজার ৬৮০ বছরের পুরোনো প্রথা অনুযায়ী অতি জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে আসছে।
এদিন সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো পূর্ণাঙ্গ রাজকীয় সাজপোশাকে অতিথিদের সামনে উপস্থিত হন। শুরুতে সম্রাট নিজেকে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করে একটি বিবৃতি দেন। এরপর প্রধানমন্ত্রী শিনজো আবে একটি অভিনন্দন বার্তা পাঠ করেন।
অতিথিরা এরপর সমবেতভাবে 'বানজাই' ধ্বনি তুলে সম্রাটের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে জাপানি পানীয় 'সাকে' পান করেন।
জমকালো এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের ১৯০টির বেশি দেশের প্রায় দুই হাজার রাষ্ট্রনেতা ও প্রতিনিধি। বিদেশি অতিথিদের অনেকেই অনুষ্ঠানের কয়েক দিন আগে টোকিও এসে পৌঁছান।
জাপানের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারকমণ্ডলী এবং পার্লামেন্ট সদস্যরা এই অনুষ্ঠানে যোগ দেন।
বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন ব্রিটেনের যুবরাজ চার্লস, চিনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং চি-শান এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়েওন, যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী এলেইন চাও। এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যোগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
চারটি ভাগে সম্রাটের অভিষেকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রাসাদে আয়োজিত অনুষ্ঠানে সম্রাটের সিংহাসন আরোহণ সংক্রান্ত ঘোষণা, আনুষ্ঠানিক অভিষেকের পর মোটরগাড়ি শোভাযাত্রা, সম্রাটের প্রাসাদের ভোজসভা এবং প্রধানমন্ত্রীর ভোজসভা।
তবে গত সপ্তাহে জাপানে আঘাত হানা সামুদ্রিক ঝড় হাগিবিসে ক্ষয়ক্ষতিকে বিবেচনায় রেখে মোটরগাড়ি শোভাযাত্রার অনুষ্ঠানটি নভেম্বর মাসের ১০ তারিখে পিছিয়ে দেওয়া হয়েছে।
জমকালো এই অভিষেক অনুষ্ঠানের মোট বাজেট ধরা হয় আনুমানিক ১ হাজার ৬০০ কোটি ইয়েন।
