ক্রিকেটারদের ধর্মঘটের মাঝেই চলল তৃতীয় বিভাগের খেলা!

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৯:৫২ পিএম

দেশের শীর্ষ ক্রিকেটাররা ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন সোমবার। দাবি আদায় না হওয়ার পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার কথা জানান তারা। শুধু অনূর্ধ্ব-১৯ দলকে এই আন্দোলনের বাইরে রাখা হয়েছিল। নারী ক্রিকেটাররা চাইলে এই আন্দোলনে সম্পৃক্ত হতে পারেন বলেও জানিয়েছিলেন আন্দোলনকারীরা।

তবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদদের নেতৃত্বে এই আন্দোলনের মাঝেও মঙ্গলবার তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে অনুষ্ঠিত হয়েছে সবগুলো ম্যাচ।

এদিন বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ইয়াং পেগাসাস ও ধ্রুব স্পোর্টিং ক্লাব। তিন নম্বর গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় শেখ রাসেল ক্রীড়া চক্র ও আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমির ম্যাচ। যাত্রাবাড়ী ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়েছিল গুলশান ক্রিকেট ক্লাবের। তেজগাঁও ক্রিকেট একাডেমি মুখোমুখি হয়েছিল ধানমন্ডি ক্রিকেট একাডেমির।

চারটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে এদিন। নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে তেজগাঁও ক্রিকেট একাডেমি, ধ্রুব স্পোর্টিং ক্লাব, আমিরুন স্মৃতি একাডেমি ও যাত্রাবাড়ী ক্রীড়া চক্র।

প্রসঙ্গত, সোমবার আন্দোলনের ডাক দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান তার বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘আমরা এখানে মহিলা ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করতে পারিনি। কারণ এটা হঠাৎ করেই একটা সিদ্ধান্ত ছিল। তবে তাদের যদি দাবি দাওয়া থাকে, তবে মোস্ট ওয়েলকাম। আমি নিশ্চিত তাদের দাবি দাওয়া থাকবে।’

সাকিব যোগ করেন, ‘তারা যদি আসে, একাত্মতা প্রকাশ করে, তাদের দাবি দাওয়াগুলোও আমরা তুলে ধরতে পারব। অনূর্ধ্ব-১৯ দল যেহেতু বিশ্বকাপের প্রস্তুতিতে আছে আমরা তাই অনূর্ধ্ব-১৯ দলকে অন্তর্ভুক্ত করছি না। কিন্তু বাকি সবাইকে অন্তর্ভুক্ত করছি। আমরা জানি যে সবাই আমাদের সাথে আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত