কলেজছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদ করায় বাবাকেও মারধর

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১১:১৬ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় মেয়েকে ইভটিজিং ও শ্লীলতাহানি করার প্রতিবাদ করায় মেয়েটির বাবাকেও মোহিন (২২) নামে এক বখাটে ও তার সহযোগীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ত্রিবেনী গ্রামে ঘটনাটি ঘটে। বখাটে মোহিন ওই গ্রামের রশিদ মোল্লার বখাটে ছেলে। আহত কলেজ ছাত্রী ও তার বাবা দুজনই শৈলকুপা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, এইচএসসির ২য় বর্ষের শিক্ষার্থী ওই ছাত্রী সকালে পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে বখাটে মোহিন ওই ছাত্রীকে গতিরোধ করে টানা হেচড়া ও শ্লীলতাহানির চেষ্টা করে। একপর্যায়ে মেয়েটির হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলে ও চড় থাপ্পড় মারে। পরে স্থানীয়রা লোকজন ছুটে আসলে বখাটে মোহিন পালিয়ে যায়।

মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে পরিবারকে ঘটনাটি খুলে বলে। পরে ছাত্রীর বাবা বখাটের পরিবারের কাছে অভিযোগ করে। অভিযোগের পর দুপুরে মেয়েটির বাবা বাড়ি ফেরার পথে বখাটে মোহিন ও তার চাচাতো ভাই ইসরাইল, ইসাহাক এবং ইলিয়াসসহ বেশ কয়েকজন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় বখাটেরা মেয়েটির বাবাকে চড় থাপ্পড় ও কিলঘুষি মেরে আহত করে।

ছাত্রীর চাচাতো ভাই জানান, বখাটে মোহিনের পরিবারকে জানানোর পরেও তারা কোন পদক্ষেপ নেয়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলুর রহমান জানান, ইভটিজিং রোধে প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। ইভটিজিংয়ের বিষয়টি আমার জানা নেই। অনেক সাংবাদিক আমার কাছে এ বিষয়ে ফোন করেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত