শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ধরা হচ্ছিল শিরোপার বড় দাবিদার। কিন্তু গোকুলাম কেরালা এফসির বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচটিতে ৩-১ গোলে হারে বসুন্ধরা কিংস।
প্রথমার্ধেই দুই গোল হজম করে বসে বসুন্ধরা। ২৫ মিনিটে হেনরি কিসেকা গোল করে এগিয়ে দেন কেরালা এফসিকে। ৩১ মিনিটে গার্সিয়া করেন দ্বিতীয় গোলটি।
এই প্রতিযোগিতায় খেলারই কথা ছিল না কেরালার। আবাহনী লিমিটেড প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় শেষ মুহূর্তে অংশ নিয়েছে দলটি। সেটি মাত্র দুদিনের নোটিশে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই দলটা ফের গোল আদায় করে ম্যাচ থেকে ছিটকে দেয় বসুন্ধরাকে। ৪৬ মিনিটে হেনরি কিসেকা তার দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। বদলি নেমে ম্যাচের ৭৫ মিনিটে মতিন মিয়া বসুন্ধরার পক্ষে একমাত্র গোলটি করেছেন।
এদিকে দিনের অন্য ম্যাচে একই গ্রুপে থাকা ভারতের আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসিকে ৫-৩ গোলে হারিয়েছে মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসি। দলটির হয়ে একাই ৪ গোলে করেছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত জাপানি তারকা মার্কসম্যান ব্রুনো সুজুকি। অন্য গোলটি রহমত বিন মাকাসুফের।
