কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর এলিফ্যান্ট রোডে মশাল মিছিল করেছেন দলটির ধানমন্ডি থানার নেতাকর্মীরা।
মঙ্গলবার বাদ মাগরিব বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে মিছিলটি বের হয়।
মিছিলটি সায়েন্স ল্যাবরেটরির মোড় থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোডের বাটা সিগনালের কাছে গিয়ে শেষ হয়। মিছিলে ধানমন্ডি থানা বিএনপির সভাপতি শেখ রবিউল ইসলাম রবিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, মিডনাইট নির্বাচনের অবৈধ সরকার খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। সরকার শুধু খালেদা জিয়াকেই বন্দী করেননি, তারা দেশের গণতন্ত্র, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকেও বন্দী করেছেন।
তিনি বলেন, আমরা মনে করি, খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই কেবল দেশের গণতন্ত্র ফিরবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মজবুত হবে। তাই আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি।
