রাশিয়ার সঙ্গে ‘ঐতিহাসিক’ সমঝোতার পর উত্তর সিরিয়ায় ‘অপারেশন পিস স্প্রিং’ সমাপ্তির ঘোষণা দিয়েছে তুরস্ক।
সমঝোতার অংশ হিসেবে বুধবার দুপুর ১২টা থেকে ১৫০ ঘণ্টার মধ্যে তুর্কি সীমান্ত থেকে ৩২ কিলোমিটার দূরে সরে যাবে কুর্দি যোদ্ধারা।
বিবিসি ও আনাদলু জানায়, মঙ্গলবার রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের বৈঠকে পর এ ঘোষণা দেওয়া হয়।
সমঝোতা অনুযায়ী রাস আল-আইন শহর থেকে তাল আবইয়াদ শহর পর্যন্ত ১২০ কিলোমিটার এলাকায় প্রস্তাবিত ‘সেফ জোন’ প্রতিষ্ঠা করা হবে। এখানকার সীমান্তবর্তী এলাকায় যৌথ টহল দেবে রুশ-তুর্কি বাহিনী।
এই এলাকার বাইরে ‘সেফ জোন’ প্রতিষ্ঠায় নতুন করে অভিযান চালানো হবে না। তবে মানবিজ এবং তাল রিফাত শহর থেকে কুর্দি যোদ্ধা ও তাদের অস্ত্রশস্ত্র প্রত্যাহার করে নেওয়া হবে। ‘সেফ জোনের’ বাইরে তুর্কি সীমান্তে টহল দেবে রুশ মিলিটারি পুলিশ এবং সিরীয় বর্ডার গার্ড সদস্যরা।
সিরীয় শরণার্থীদের প্রত্যাবাসনে ‘সেফ জোন’ প্রতিষ্ঠা এবং সীমান্ত থেকে কুর্দি যোদ্ধাদের সরিয়ে দিতে গত ৯ অক্টোবর উত্তর সিরিয়ায় অভিযান শুরু করে তুরস্ক। সিরিয়ার গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত ৫০ লাখ সিরীয়র মধ্যে ৩৬ লাখই তুরস্কে আশ্রয় নিয়েছেন।
বেসরকারি পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি জানায়, তুরস্কের এ অভিযানে ২৫৯ কুর্দি যোদ্ধা এবং ১২০ বেসামরিক লোক নিহত হন। বিপরীতে তুর্কি নেতৃত্বাধীন সিরীয় বাহিনীর ১৯৬ সদস্য, সাত তুর্কি সেনা এবং তুরস্কের ২০ জন বেসামরিক লোক নিহত হন।
