ক্যাসিনোবিরোধী অভিযানে নাম আসা মোল্লা মো. আবু কাওছারকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে নেত্রী তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এটা অলরেডি আমি তাকে জানিয়ে দিয়েছি।
আরামবাগের ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো বাণিজ্য নিয়ে সমালোচনায় পড়েন মোল্লা আবু কাওছার। এ ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।
এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে মোল্লা আবু কাওছারের ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি পাঠায়।
প্রসঙ্গত, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতার নাম এসেছে। এদের কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার এবং দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
