বোরহানউদ্দিনের ঘটনায় পৃথক মামলায় ৫ জনের ৩ দিনের রিমান্ড

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০২:৪১ পিএম

ভোলার বোরহানউদ্দিনের আলোচিত ফেসবুক মেসেঞ্জারে কটূক্তির অভিযোগে আটক বিপ্লব চন্দ্র শুভ, শরীফ শাকিল ও ঈমনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় আরিফ ও সজীব নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার  সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হকের আদালতে পৃথক পৃথক মামলায় তাদের হাজির করে পুলিশ তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠান।

 পুলিশ জানায়, পুলিশের উপর হামলা সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার সন্ধ্যায় বোরহানউদ্দিন পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, পুলিশের উপর হামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ভোলা সদর আদালতের কোর্ট ইন্সপেক্টর রথীন্দ্র নাথ বিশ্বাস জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় বিপ্লব চন্দ্র শুভ, শরীফ শাকিল ও ঈমনকে ৩দিনের এবং পুলিশের উপর হামলা মামলায় আরিফ ও সজীবকে রিমান্ডে দেন আদালত।

উল্লেখ্য, ফেসবুকে আল্লাহ এবং হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগ এনে তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ গিয়ে সমাবেশ বন্ধ করার অনুরোধ জানালে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে চারজন নিহত ও আহত হয়েছে শতাধিক।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বিপ্লব চন্দ্র শুভর নিজের নাম ও ছবি সম্বলিত ফেইসবুক আইডি থেকে আল্লাহ এবং মোহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ গালাগাল করে তার কয়েকজন ফেইসবুক বন্ধুর কাছে মেসেজ করা হয়।

একপর্যায়ে কয়েটি আইডি থেকে মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেইসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সবার নজরে আসে। ফেইসবুক ব্যবহারকারীরা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।

পরে শুক্রবার রাতে বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করতে আসলে থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে রাখেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি ) এনামুল হক জানান, শুক্রবার রাতে বিপ্লব চন্দ্র আমাদের কাছে আসলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে রাখি।

তিনি বলেন, ‘বিপ্লবের তথ্য মতে তার আইডি হ্যাক করা হয়েছে। শাকিল শরীফ (২০) নামের এক যুবক তার কাছ থেকে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ওই ব্যক্তি এসব মেসেজ করেছে।’

ওসি আরও জানান, আমরা শাকিল শরীফকে শনিবার আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। শাকিল শরীফ স্থানীয় নুরু আলম মোল্লার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত