সাভারে সাংবাদিক পরিচয়ে একটি কিন্ডারগার্টেন স্কুলে চাঁদাবাজির সময় দুই যুুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত বুধবার সন্ধ্যায় পৌর এলাকার শাহীবাগ মহল্লার লিটল স্টার স্কুল অ্যান্ড কলেজ থেকে তাদের আটক করা হয় বলে গতকাল জানান সাভার মডেল থানার এসআই লোকমান হোসেন।
আটকরা হলো রংপুরের মিঠাপুকুরের প্রয়াত সাইফুল ইসলামের ছেলে বিদ্যুৎ আহম্মেদ মিয়া (৩২) ও গোপালগঞ্জ সদর থানার সাহেব আলী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (৩৫)। স্কুলের অধ্যক্ষ তাজুল ইসলাম খান জানান, মফিজুর রহমান সোহেলসহ কয়েকজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বুধবার বিকেলে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। একপর্যায়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের ৫ হাজার টাকা চাঁদা দিয়ে বিদায় করা হয়। সন্ধ্যায় চক্রটির মূল হোতাসহ ৫-৭ জন স্কুলে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয়রা দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় দায়ের মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
