নীলফামারীতে বিমান প্রতিমন্ত্রী

জমি অধিগ্রহণে কৃষকের স্বার্থ দেখা হবে

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১০:১১ পিএম

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য জমি অধিগ্রহণে কৃষকসহ সবার স্বার্থ দেখা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর পঞ্চম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভ‚মি অধিগ্রহণ ও বিদ্যমান স্থাপনা স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভায় বিমান প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রকল্পের কাজ এগিয়ে চলছে। সংশ্লিষ্ট কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আলাপ করতে এসেছি। কৃষকদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে।’ শুধু উত্তরের মানুষ নন, নেপাল, ভুটান ও ভারতের মানুষ এ বিমানবন্দর ব্যবহার করবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার, আসাদুজ্জামান নূর, আহসান আদেলুর রহমান আদেল, বেবিচেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত