পাকিস্তান সফরে যেতে নারাজ বাংলাদেশ দলের কোচিং স্টাফ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০২:১২ পিএম

আইসিসির নির্ধারিত ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু এই সফর নিয়ে সাকিব আল হাসানদের কোচিং স্টাফ বেঁকে বসেছে বলে জানা গেছে।

বিসিবি’র সূত্রের বরাত দিয়ে ভারতীয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, কোচিং স্টাফদের বেশির ভাগ সদস্যই ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যেতে অনীহা প্রকাশ করেছেন। বোর্ডের ভেতরকার বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, ট্রেনার মারিও ভিল্লাভারায়ণ ছাড়া কোচিং স্টাফদের কেউই এ সফরে যেতে রাজি নন।

বাংলাদেশ দলের কোচিং স্টাফদের মধ্যে পাঁচজনই দক্ষিণ আফ্রিকার। তারা হলেন- প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ বায়ান কুক ও নবনিযুক্ত ফিজিও জুলিয়ান কালেফাতো। তারা সবাই পাকিস্তান সফরে না যাওয়ার ইচ্ছার কথা এরই মধ্যে বোর্ডকে জানিয়েছেন। একই মত স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরিরও। ওই সফরে থাকতে চান না বাংলাদেশ দলের ভিডিও বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনও।

তবে যারা পাকিস্তান সফরে যেতে চাচ্ছেন না, কোচিং স্টাফের সেসব কোচদের নিয়ে এখনো কোন আলোচনা করেনি বোর্ড। বিস্তারিত আলোচনার পরই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

“আমরা এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা করিনি। আলোচনার পর আমরা পুরো পরিস্থিতি নিয়ে আপনাদেরকে আরও স্পষ্ট করে বলতে পারব।”

নিরাপত্তা ইস্যুতে সবুজ সংকেত পাওয়ার পর চলতি মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ও নারী ক্রিকেট দলকে পাকিস্তান সফরে পাঠিয়েছে বিসিবি। কিন্তু নারী দলের প্রধান কোচ ভারতের অঞ্জু জৈন ও তার স্বদেশী দুই কোচ এই সফরে যাননি। তাদের জায়গায় এই সফরে নারী দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দেশীয় কোচ দিপু রায় চৌধুরীকে।

জাতীয় দলের পাকিস্তান সফর এখনও চূড়ান্ত করেনি বিসিবি। পাকিস্তান ঘুরে আসা নিরাপত্তা কর্মকর্তাদের প্রতিবেদন পাওয়ার পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত