দ্বিতীয়ার্ধে অ্যাস্টনকে উড়িয়ে দিল ম্যান সিটি

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৯:৩৩ এএম

প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারছিল না ম্যানচেস্টার সিটি। তবে দ্বিতীয়ার্ধে তাদের আর আটকে রাখতে পারল না অ্যাস্টন ভিলা। বিরতির পর তিন গোলে প্রতিপক্ষটিতে উড়িয়ে দিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে অ্যাস্টনকে ৩-০ গোলে হারায় গত আসরের চ্যাম্পিয়নরা। একটি করে গোলে দলের জয়ে অবদান রাখেন রাহিম স্টার্লিং, দাভিদ সিলভা ও ইলকাই গিনদোয়ান।

গোলশূন্য প্রধমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই সিটিকে এগিয়ে নেন স্টার্লিং। জেসুসের ফ্লিক থেকে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন এই ইংলিশ উইঙ্গার। ৬৫তম মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে জাল খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার দাভিদ সিলভা। ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে গোলটির সিদ্ধান্ত নেন রেফারি।

অ্যাস্টনের জালে শেষ পেরেকটি ঠুকেন গিনদোয়ান। কর্নার থেকে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন এই জার্মান মিডফিল্ডার।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা ম্যান সিটির পয়েন্ট দাঁড়িয়েছে দশ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২। এক ম্যাচ কম খেলা লিভারপুল শীর্ষে আছে ২৫ পয়েন্ট নিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত