সিরিয়ায় মার্কিন অভিযানে আইএস নেতা বাগদাদি ‘নিহত’

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৭:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের এক বিশেষ অভিযানে জঙ্গি সংগঠন আইএস নেতা আবু বকর আল বাগদাদি নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বিবিসি, রয়টার্স, সিএনএন, ডয়চে ভেলেসহ একাধিক সংবাদমাধ্যম জানায়, শনিবার সিরিয়ায় বাগদাদির আস্তানায় একটি বিশেষ অভিযান চালায় যুক্তরাষ্ট্র৷ এতে বাগদাদি নিহত হন।

তবে বাগদাদি আটক কিংবা হামলায় নিহত হয়েছেন কীনা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।

হামলায় বিস্ফোরণে বাগদাদির ‘মৃত্যু’ হয়েছে কীনা তা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা৷

এদিকে ইরাকের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলেছে, ‘সিরিয়ায় আমাদের সূত্রগুলো নিশ্চিত করেছে ইদলিবে বাগদাদি তার দেহরক্ষীসহ নিহত হয়েছেন৷’

এই অভিযানের ছবি সম্প্রচার করবে বলে ইরাকের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে৷ আইএস নেতাকে খুঁজে বের করতে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো সহায়তা দিয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সময় সকাল নয়টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিবৃতি দেবেন বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়। তবে এর মধ্যেই ট্রাম্প টুইটে লিখেন, ‘এইমাত্র খুব বড় কোনো ঘটনা ঘটেছে৷’ তার এই টুইটার পোস্ট নিয়ে বিশ্বজুড়ে জল্পনা কল্পনা শুরু হয়।

সর্বশেষ ২০১৪ সালে আইএস নেতা আবু বকর আল বাগদাদিকে প্রকাশ্য দেখা যায়৷ ইরাকের মসুলের গ্র্যান্ড আল নুরি মসজিদে বক্তৃতায় তিনি নিজেকে আইএস খেলাফতের নেতা দাবি করেন৷ এর আগেও কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল৷

×
সর্বশেষ সর্বাধিক পঠিত