দ্রুত সময়ের মধ্যে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের রায় ঘোষণা করায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। এছাড়া নির্মিত ও নির্মিতব্য সব কর্মজীবী মহিলা হোস্টেলের সঙ্গে ডে-কেয়ার সেন্টার যুক্ত করার বিষয়ে সুপারিশ করা হয়।
রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই স‡ন্তাষ প্রকাশ করা হয়।
এছাড়া, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ ও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন প্রকল্পের অগ্রগতি এবং এর মধ্যে যেসব প্রকল্পের কাজ শেষ হয়েছে সেগুলোর কার্যক্রম দ্রুত চালু করার সুপারিশ করা হয়। সভায় মানুষের চাহিদার ভিত্তিতে বিভিন্ন পণ্যসামগ্রী উৎপাদন এবং জয়িতা ফাউন্ডেশন, অঙ্গনা ও সোনার তরীর মাধ্যমে বাজারজাত করা হচ্ছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়। জাতীয় মহিলা সংস্থার আওতাধীন কেন্দ্রীয়, জেলা ও উপজেলাভিত্তিক চলমান প্রকল্পসমূহের কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে ৪৯০টি উপজেলায় প্রতিষ্ঠিত ৪৯০টি তথ্যকেন্দ্রের মাধ্যমে ডোর টু ডোর সেবা প্রদান ও উঠান বৈঠক আয়োজনের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৫ লাখ ৭৪ হাজার ২৬৫ জন গ্রামীণ অনগ্রসর মহিলাকে তথ্যসেবা প্রদান করা হয়েছে।
এছাড়া নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর মাধ্যমে শহরভিত্তিক গরিব, দুস্থ ও বিত্তহীন মহিলাদের যথোপযুক্ত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করে উৎপাদনমুখী, কর্মক্ষম ও আত্মনির্ভর হিসেবে গড়ে তোলা হচ্ছে।
অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, ক্যাটারিং, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মৌমাছি ও মাশরুম ও বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
এর মাধ্যমে কেউ প্রাতিষ্ঠানিকভাবে বা কেউ ঘরে বসে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
এছাড়া, ‘জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)’ শীর্ষক প্রকল্পের আওতায় নারীদের কম্পিউটার অফিস অ্যাপিস্নকেশন এবং গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক গ্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা, মো. আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম সভায় অংশগ্রহণ করেন।
