বুধবার হলি আর্টিজান মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থন

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৩:৫৪ এএম

তিন বছর আগে রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৩০ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। গতকাল রবিবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ দিন ধার্য করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবিরকে তৃতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। তার জেরা শেষ হওয়ায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে ২১ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে তিনি সাক্ষ্য দেন। ওইদিন তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা শুরু করেন। ওইদিন জেরা শেষ না হওয়ায় ২৪ অক্টোবর নতুন দিন ধার্য করে আদালত। ২৪ অক্টোবর জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করা হয়। গত ১৭ অক্টোবর তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এ মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত