অডিশন দিয়েই আমির খানের নায়িকা হলেন কারিনা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১২:৩৬ পিএম

বলিউডে কারিনা কাপুরের দুই দশক হতে চললো। ক্যারিয়ারের এই সময় এসে অডিশন দিয়ে অভিনয় করতে হবে, ভাবতে পারেননি তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই কথাই জানালেন।

আমির খানের ‘লাল সিং চাড্ডা’র জন্য অডিশনে অংশ নেন কারিনা। মিস্টার পারফেকশনিস্টের এই ছবি হলিউডের কালজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক।

কারিনা জানান, এর আগে কোনো দিন তাকে অডিশন দিতে হয়নি। এমনকি প্রথম সিনেমা ‘রিফিউজি’র জন্যও নয়। তাই প্রথমে যখন তার কাছে অডিশনের প্রস্তাব আসে, তখন নাকি আকাশ থেকে পড়েছিলেন!

ওই সময় তাকে বোঝান স্বামী সাইফ আলী খান। ছোট নবাব বলেন, “অডিশন দিতে সমস্যা কোথায়? এমনকি, আল পাচিনোকেও পরীক্ষা দিতে হতে পারে। এতে ভুল কোথাও নেই। কিন্তু আমাদের অভিনেতা ও শিল্পী হিসেবে নিশ্চিত হতে হবে।”

সাইফের কথায় কারিনা বুঝতে পারেন নিজেকে ‘তারকা’ ভেবে দূরে সরিয়ে রাখলে চলবে না। পুরো বিষয়টির মধ্যে ঢুকে সবকিছু বুঝতে হবে। এই উপলব্ধির কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

‘লাল সিং চাড্ডা’য় আমির অভিনয় করবেন নাম ভূমিকায়। ১৯৯৪ সালের মূল ছবিতে এই ভূমিকায় ছিলেন টম হ্যাঙ্কস। তার বিপরীতে থাকা রবিন রাইটের ভূমিকায় থাকছেন কারিনা।

শিগগিরই মুম্বাইয়ের ইয়াশরাজ স্টুডিওতে সিনেমাটির দৃশ্যায়ন শুরু হবে। আর প্রথম দিন ক্ল্যাপ দেবেন আমির খানের মা জিনাত হুসাইন। টানা পনেরো দিন মুম্বাই অংশের দৃশ্যায়ন হবে। এরপর টিম যাবে দিল্লি, পাঞ্জাবসহ উত্তর ভারতের নানা লোকেশনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত