এক গরিব মেধাবী শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠাতে কয়েক লাখ টাকা চাঁদা তুলল এলাকাবাসী। ভারতে মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে এই ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, রাহুল চৌরের আর্থিক টানাপোড়েন বিদেশে উচ্চশিক্ষার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল তার।
স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব অ্যাবারডিনে ক্লিনিক্যাল সাইকোলজি পড়ার সুযোগ পান তিনি।
কিন্তু বিদেশে পাড়ি দিতে প্রয়োজন ছিল কয়েক লাখ টাকার। রাহুলের বাবা বিয়ার শপের সামান্য ওয়েটার। তার মা মারা গিয়েছেন আগেই।
আর্থিক অবস্থা খারাপ হওয়ায় নিয়মিত কলেজেও পড়তে পারেননি তিনি। ইন্দিরা গান্ধী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন রাহুল।
পরে স্কটল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য রাজ্য সরকারের ফেলোশিপ পেলেও বিমানের টিকিট আর ভিসার টাকা জোগাড় করতে পারেননি তিনি।
এমন পরিস্থিতি এলাকার কয়েকজন বাসিন্দা রাহুলের পাশে দাঁড়ান। রাহুলের জন্য টাকা জোগাড় করতে নামেন তারা। একপর্যায়ে ৪ লাখ রুপিরও বেশি অর্থ সংগ্রহ করে ফেলেন।
রাহুলের পাশে দাঁড়ানোদের একজন উমাকান্ত কাম্বলে জানান, নিজেদের চেনাজানা বন্ধু-বান্ধবের কাছে রাহুলের জন্য আর্থিক সহায়তা চায় সবাই। এক থেকে ২৫ হাজার রুপি পর্যন্ত সাহায্য করেছেন অনেকে। সেই টাকায় বিদেশ পাড়ি দিতে পারবে রাহুল।
এদিকে রাজ্য সরকারের এসসি-এসটি স্কলারশিপের জন্য আবেদন করেছে রাহুল। সেই টাকা পেলে সবার সাহায্য তিনি ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন।
