‘রাজনীতিতে এতিম হয়ে আ. লীগকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে’

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৫:০৩ পিএম

বাকশাল প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ রাজনীতিতে এতিম হয়ে ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এবার অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে। একবার ক্ষমতা চলে গেলে শুধু ২১ বছর নয়, এবার ‘তিন’ ২১ বছর রাজনীতিতে এতিম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যর উদ্যোগে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তিনি গুরুতর অসুস্থ। তার বয়স বিবেচনা করে উচ্চ আদালত যেকোনো সময় তাকে মুক্তি দিতে পারেন। কেবলমাত্র শেখ হাসিনার প্রতিহিংসাপরায়ণতার কারণেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না।

তিনি বলেন, শেখ হাসিনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ইঙ্গিত করে বলেছেন, সে যদি রাজনীতি নিয়ে বাড়াবাড়ি করে তাহলে তার মা কোনো দিনও মুক্তি পাবে না। প্রধানমন্ত্রীর এ কথা থেকেই প্রমাণ হয়, খালেদা জিয়া সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার দোষ- তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে চান। যার কারণে তাকে অবৈধভাবে আটক করে রাখা হয়েছে।

ছাত্রলীগ গুন্ডা তৈরির কারখানা বলে মন্তব্য করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বুয়েটের আবরারকে যারা হত্যা করেছে তারা ছাত্রলীগ। এই ছাত্ররা ছাত্রলীগে যোগদানের আগে সোনার ছেলে ছিল, কিন্তু ছাত্রলীগে যোগদানের পরে তারা দানবে পরিণত হয়েছে। তাহলে বলাই যায়, ছাত্রলীগ গুন্ডা তৈরির কারখানা আর এই ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনা। এই ছেলেগুলোকে কে দানবে পরিণত করল? তাদেরও বিচার চাই। শুধু আবরারের হত্যাকারীদের বিচার করলে হবে না, তাদেরকে যারা হত্যাকারী বানিয়েছে তাদেরও বিচার চাই।

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রনেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, এবিএম মোশারফ হোসেন, শহিদুল ইসলাম বাবুল, আসাদুর রহমান খান, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত