কাদেরের স্বাক্ষরে হাজারীকে উপদেষ্টা পরিষদের চিঠি

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৮:০৫ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের চিঠি পাঠানো হয়েছে ফেনীর আলোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে। সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ চিঠি জয়নাল হাজারির কাছে পৌঁছায়।

জয়নাল হাজারি সোমবার রাতে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

চিঠিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ সালে অনুষ্ঠিত দলের কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে জয়নাল হাজারীকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

এর আগে অক্টোবরের শুরুতে জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করার খবর পাওয়া যায়।

২ অক্টোবর গণভবনে দলের কয়েকজন নেতার সঙ্গে অনির্ধারিত এক বৈঠকে শেখ হাসিনা তাকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ পদে নির্বাচিত করেন।

গণভবনের বৈঠকে উপস্থিত একাধিক আওয়ামী লীগ নেতা দেশ রূপান্তরকে সেদিন এ তথ্য জানান।

তবে পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের কিছু জানেন না বলে উল্লেখ করেন।

তখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নাল হাজারী ফেসবুক ভিডিওতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার তথ্য নিশ্চিত করে এর জবাব দেন।

ফেনী-২ আসনে ১৯৮৬ থেকে ২০০১ সালের নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন জয়নাল হাজারী।

২০০১ সালের নির্বাচনের পর জয়নাল হাজারী রাজনীতি থেকে হারিয়ে যান। এরপর তার অনুপস্থিতিতে দুই মেয়াদে আসনটি বিএনপির দখলে থাকার পর আওয়ামী লীগ থেকে নিজাম হাজারী সংসদ সদস্য হন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত