ফরিদপুরের চরভদ্রাসনে অভিযানের নামে জেলেদের থেকে ইলিশ ছিনিয়ে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মৎস্য কার্যালয়ের এক কর্মকর্তা, চার পুলিশ ও কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে। ঘটনার জেরে চরভদ্রাসন থানার এক এসআইসহ পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গত রবিবার রাতে উপজেলা মৎস্য কার্যালয়ের ড়্গেত্র সহকারী শামীম আরেফিন, চরভদ্রাসন থানার এসআই মিজানুর রহমান ও কনস্টেবল কুতুবউদ্দিন, ফরহাদ হোসেন, সেলিম মিয়া এবং চরভদ্রাসন উপজেলার সাংবাদিক লিয়াকত আলী লাবলু ও উজ্জ্বল হোসেনসহ আরও কয়েকজন মিলে জেলেদের নৌকায় হানা দিয়ে আনুমানিক দেড় মণ ইলিশ লুট করে নেন। পরে উপজেলার গোপালপুর ঘাটে এসে ইলিশগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে যান। এ ছাড়া জেলেদের থেকে জব্দ দুই হাজার মিটার জাল এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা জানান, ঘটনাটি তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, নির্বাহী হাকিম ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হতে পারে না। অসৎ উদ্দেশ্যেই ওই ব্যক্তিরা যে গিয়েছিলেন তা বলা যায়।
চরভদ্রাসন থানার ওসি হারুন অর রশীদ জানান, এসআই মিজানুর রহমান ও তিন কনস্টেবলকে চরভদ্রাসন থানা থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
