স্পিকারের সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০৯:২২ পিএম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া মঙ্গলবার স্পিকারের কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু, টেকসই উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে স্পিকার বলেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে। এ সময় তিনি অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান)-এর আসন্ন সম্মেলনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ইস্যুতে ভিয়েতনামকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করার অনুরোধ জানান।

স্পিকার ভিয়েতনাম সফর ফলপ্রসূ উল্লেখ করে ভিয়েতনামের স্পিকারকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান। ঢাকায় অনুষ্ঠিত ১৩৬তম আইপিইউ এবং ৬৩তম সিপিএ সম্মেলনে ভিয়েতনাম অংশগ্রহণ করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশে সফলভাবে কার্যকাল সম্পন্ন করার জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

বিদায়ী রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারার প্রশংসা করে বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি এখন দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য প্রসারেও দু’দেশের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। আইপিইউ এবং সিপিএ সম্মেলন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সংসদের প্রশংসা করেন তিনি।

ট্রান ভ্যান খোয়া বলেন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ অনুকরণীয় হতে পারে। এ সময়ে তিনি বাংলাদেশের ধারাবাহিকভাবে জিডিপি ৮ শতাংশ অর্জনের প্রশংসা করেন। বাংলাদেশ এসডিজি অর্জনেও ভালো করছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত