ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

আ.লীগ নেতাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১২:১৪ এএম

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজ উদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও স্বাধীনতার বিপক্ষের শক্তির লোকজন দিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতেই অনিয়মতান্ত্রিকভাবে গোপনে পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে ছয়টি ওয়ার্ডের কমিটি করছেন। কিন্তু তাদের নাম প্রকাশ না করেই রানীশংকৈল পৌর আওয়ামী লীগের কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, জামায়াত-বিএনপির লোকজন ও তাদের নির্ধারিত লোকজন নিয়ে এসব কমিটি গঠন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আগামী ২ নভেম্বর পৌর আওয়ামী লীগের কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক বলেন, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ সত্য নয়। ওয়ার্ড কাউন্সিলে নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়েছে। আর যারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তারা সংসদ ও উপজেলা নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করেছেন। তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত