ভিসি বাংলোতে অবস্থান স্থগিত

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৩:৩২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণরুম সমস্যা সমাধানের আশ্বাসে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের বাংলোতে বালিশ-কাঁথা নিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে তারা এ ঘোষণা দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সকাল ১০টার দিকে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে একদল শিক্ষার্থী উপাচার্য বাংলোতে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয় প্রক্টরিয়াল টিম। পরে তারা বাংলোর সামনে কাঁথা, তোশক, বালিশ, কম্বল নিয়ে অবস্থান করেন। এ সময় দাবির পক্ষে তারা নানা সেস্নাগান দেন। দুপুর ১টার দিকে উপাচার্য কার্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয়। সেখানে চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা তাদের অবস্থান প্রত্যাহার করে নেন।

তানভীর হাসান সৈকত দেশ রূপান্তরকে বলেন, বৈঠকে উপাচার্য ভবিষ্যতে প্রথম বর্ষেই শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে আসন বরাদ্দের আশ্বাস দেন। অছাত্র ও বহিরাগতদের হল থেকে বের করে দেওয়ার কথাও জানান। তিনি কথা না রাখলে আমরা আবারও আন্দোলন করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত