মাদারীপুরে স্কুলছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১০:৫৯ এএম

মাদারীপুর শহরেরর ভূঁইয়া বাড়ি সংলগ্ন একটি চারতলা ভবনের সামনে থেকে সোহান (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ভবনটির সামনে মরদেহটি পাওয়া যায়।

এসময় তার মাথা ও শরীরে জখমের চিহ্ন ছিল বলে দাবি পরিবারের।

পরিবারের দাবি, সোহানকে হত্যা করে লাশ ভবনের সামনে ফেলে রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার হাবিব শেখ ছেলে সোহানকে ভালো স্কুলে লেখাপড়া করানোর জন্য মাদারীপুর পুরান শহরে বাসা ভাড়া করে থাকেন।

তিনি পেশায় একজন ডিস লাইন মেরামতের শ্রমিক। ছেলে সোহান মাদারীপুর সরকারি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যার পর ছেলে বাসায় না আসলে তাকে খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকেরা। সন্ধ্যা থেকে ছেলের মোবাইলে ফোন করলেও তা রিসিভ করেননি। পরে রাত নয়টার দিকে খবর পান তার বাসার পাশের চারতলা ভবনের সামনে সোহানকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহানের বাবা হাবিব শেখ জানান, ওকে হত্যা করে এখানে কেউ ফেলে রেখেছে।' তবে কে বা কারা হত্যা করতে পারে এ ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি।

মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত