সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা আগের প্রকাশিত সংখ্যার চেয়ে প্রায় চারগুণ বেশি। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ন্যাচার কমিউনিকেশনসে প্রকাশিত নতুন এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে বলে গত মঙ্গলবারের এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
গবেষণায় কার্বন নির্গমনের মাত্রা কমানো ও উপকূলীয় প্রতিরক্ষা জোরালো করার ব্যাপারে জোর দেওয়া হয়। ২০৫০ সাল নাগাদ ৩০ কোটি মানুষের বসতির জমি বছরে অন্তত একবার ডুবে যাবে বলে আশঙ্কা করা হয়েছে প্রতিবেদনে। আর ২০৫০ সাল নাগাদ বন্যার পরিমাণ আটগুণ বাড়বে বাংলাদেশে, সাতগুণ ভারতে ও তিনগুণ বাড়বে চীনে।
ইন্দোনেশিয়া এরই মধ্যে হুমকি টের পেতে শুরু করেছে। দেশটির সরকার ইতিমধ্যেই রাজধানী শহর জাকার্তা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। জাকার্তা বন্যার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নতুন পরিসংখ্যানে দেখা গেছে, ইন্দোনেশিয়ায় ২ কোটি ৩০ লাখ মানুষ ঝুঁকিতে রয়েছে। আগে ধারণা করা হচ্ছিল, দেশটিতে ৫০ লাখ মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ক্লাইমেট সেন্ট্রালের চিফ সায়েন্টিস্ট ও সিইও বেনজামিন স্ট্রস বলেন, আরও অনেক দেশকেই হয়তো ইন্দোনেশিয়ার পথ অনুসরণ করতে হতে পারে; যদি না সমুদ্র এলাকার প্রতিরক্ষা জোরালো করা না হয় বা কার্বন নিঃসরণ কমানো না হয়।
