ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১২:০৪ পিএম

ঝালকাঠিতে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বাপ্পি হাওলাদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জেলার রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাঘরী বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বাপ্পি (২০) একই এলাকার আ. মতিন হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল রাতে বাপ্পি নিজেই বাইরে থেকে এসে বাড়িতে ইজিবাইকে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে ইজিবাইক নিয়ে বাইরে বের হতে গেলে ইজিবাইক ধরার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন।

বিষয়টি তার মা দেখে চিৎকার করলে স্থানীয়রা বাপ্পিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানায়, ইজিবাইক চার্জারের সকেট ভাঙা থাকায় চার্জ দেওয়ার সাথে সাথে ইজিবাইকের পুরো বডি বিদ্যুতায়িত হয়ে পড়ে। যার ফলে ইজিবাইক স্পর্শ করার সঙ্গে সঙ্গে বাপ্পির মৃত্যু হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হাসান বলেন, ঘটনার পরেই আমরা মৃতের বাড়ির ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতের বাবার কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে বন্ডে স্বাক্ষর নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত