শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২০১৯-২০ কার্যকরী সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি পদে হোসাইন ইমরান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ও সাধারণ সম্পাদক পদে মেহেদী কবির (যুগান্তর) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে দুপুর ২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এএসএম সায়েম ও এসএম সাইদুর রহমান।
নির্বাচনে সহসভাপতি পদে আরাফ আহমদ (মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আফরান (সংবাদ), কোষাধ্যক্ষ মাসুদ আল রাজী (ডেইলি অবজারভার), দপ্তর সম্পাদক জুবায়ের মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন) নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে জিএম ইমরান হোসেন (ইত্তেফাক), নাজমুল হুদা (বাংলা ট্রিবিউন) ও আবদুল্লা আল মাসুদ (দেশ রূপান্তর) নির্বাচিত হয়েছেন।
প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা তাৎক্ষণিক শুভেচ্ছা জানান।
