ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মাদ্রাসা শিক্ষক আফসার উদ্দিনের মৃত্যুদণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী, ছাত্র ছাত্রী ও পরিবারের সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার সকালে সোনাগাজী পৌর শহরের আল-হেলাল একডেমি সড়কের নুসরাতের কবর সংলগ্ন স্থানে মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও আফসারের পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন।
মানবন্ধনের ব্যানারে তারা রায়কে ফরমায়েশি রায় উল্লেখ করে উচ্চ আদালতে সঠিক ও ন্যায় বিচার কামনা করেন।
আফসার উদ্দিনের স্ত্রী সুরাইয়া হোসেন ইফাত বলেন, নুসরাতের পরিবার ন্যায় বিচার পেলে আমরা কেন ন্যায় বিচার থেকে বঞ্চিত হবো। নুসরাত হত্যার বিচার আমরাও চাই কিন্তু আমার স্বামীকে অন্যায়ভাবে কোন সাক্ষী প্রমাণ ছাড়াই আদালত মৃত্যুদন্ড দিয়েছে। গত ৬ এপ্রিল আমার স্বামী কলেজ রোডে ছাত্র ছাত্রীদের প্রাইভেট পড়ানোর সময় নুসরাত অগ্নিদগ্ধ হয়। কলেজ রোড, জিরো পয়েন্ট, মাদ্রাসা এলাকা সহ পুরো পৌর শহর সোনাগাজী মডেল থানা ও পৌরসভার সিসি ক্যামেরার আওতায় ছিল। ঘটনার পরে গত ১০ এপ্রিল পিবিআই সিসিটিভি ফুটেজ নিয়ে যায়। মামলার বিচার চলাকালীন সময়ে আমাদের আইনজীবী ওই দিনের সিসিটিভি ফুটেজ তলবের জন্য আবেদন করলেও সেটা পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ গায়েব করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে আমার নির্দোষ স্বামীকে ফাঁসিয়েছে।
এদিকে মানববন্ধন শুরু হওয়ার আগে সকাল থেকে পৌর শহরের জিরো পয়েন্টে অন্য দিনের তুলনায় পুলিশের উপস্থিতি ছিলো বেশি। পৌর এলাকায় পুলিশ টহল দিতে থাকে। ঘণ্টব্যাপী মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল সহকারে চট্রগ্রাম সমাজের দিকে চলে যায়।
