চট্টগ্রামের স্বপ্ন ভেঙে শিরোপা তেরেঙ্গানুর

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৮:৪৭ পিএম

ফাইনালে স্বপ্নভঙ্গ চট্টগ্রাম আবাহনীর। আয়োজক দলটিকে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের শিরোপা জিতে নিল মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসি। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক আসরে শিরোপা পেল দলটি।

বৃহস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১-২ গোলে হার মানে চট্টগ্রাম আবাহনী। অথচ দলটার হাতে শিরোপা দেখতে মাঠ ও মাঠের বাইরে ছিল উপচে পড়া দর্শক। কিন্তু চট্টগ্রাম বাসীর স্বপ্ন ভেঙেছে এদিন।

২০১৫ সালে টুর্নামেন্টের প্রথম আসরে শিরোপা জিতে নিয়েছিল চট্টলার দলটি। ২০১৭ সালে অবশ্য সেমিফাইনালে থামতে হয় তাদের। এবার শিরোপা পুনরুদ্ধারের খুব কাছে গিয়েও থামতে হলো।

উত্তাপ মাখা এক ফাইনালের অপেক্ষায় ছিল সবাই। পুরো আসরে তেরেঙ্গানু খেলেছে দুর্দান্ত ফুটবল। সেই দলটার বিপক্ষে জিততে হলে সেরাটাই দিতে হলো মারুফুল হকের শিষ্যদের।

কিন্তু এদিন ম্যাচের ২০ মিনিটের মধ্যে জোড়া গোল হজম করে বসে চট্টগ্রাম আবাহনী। ১৫ মিনিটে হাকিম বিন মামাত ও ২০ মিনিটে আজানিনুল্লাহ আলিয়াস গোল করে স্বাগতিক দলকে কোণঠাসা করে ফেলেন। দুটি গোলই দলটা হজম করে সেট পিস থেকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য গোল আদায় করে নেয় চট্টগ্রাম আবাহনী। ৪৭ মিনিটে গোলটি করেন রতকোভিচ। তবে বাকি সময় তেরেঙ্গানুর গতিময় ফুটবলের সঙ্গে পেরে ওঠেনি চট্টগ্রাম আবাহনী। ফলে ফের শিরোপা নিয়ে মালয়েশিয়ায় ফেরা নিশ্চিত করে তেরেঙ্গানু। টুর্নামেন্টে যারা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত