প্রথমে ব্যাটিং করে লড়াই করার মতোই সংগ্রহ দাঁড় করিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু সেটাকে কোনো ব্যাপারই মনে করল না ইংল্যান্ড। জেমস ভিন্সের ঝড়ো ব্যাটিংয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় পেল দলটি।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুক্রবার নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় ইংল্যান্ড। নয় বল হাতে রেখে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় অতিথিরা। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইয়ন মর্গানের দল।
ইংল্যান্ডের জয়ে সবচেয়ে বড় অবদান ভিন্সের। ৩৮ বলে সাত চার ও দুই ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন তিন নম্বরে নামা এই ব্যাটসম্যান। অন্যদের মধ্যে জনি বেয়ারস্টো ৩৫, অধিনায়ক মর্গান অপরাজিত ৩৪ রান করেন।
ইংল্যান্ডের তিন ব্যাটসম্যানদের তিনজনকেই আউট করেন নিউজিল্যান্ড পেসার মিচেল সেন্টনার।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৩ রান করে নিউজিল্যান্ড। ৩৫ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন ব্রেন্ডন টেইলর। ৩২ রান করেন টিম সেইফার্ট। ১৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ক্রিস জর্ডান দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন স্যাম কারেন, আদিল রশিদ ও প্যাট ব্রাউন। ম্যাচ সেরা হয়েছেন অতিথি দলের জেমস ভিন্স।
ওয়েলিংটনে রোববার হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
