ফুটবল খেলা নিয়ে ছাত্রদের সংঘর্ষ, অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০৯:২৩ এএম

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’টি হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জের ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাত ১২টায় কুয়েট কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে তাৎক্ষণিক এ নির্দেশনা জারি করে।

কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ শনিবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ৬টি এবং রবিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

কুয়েট সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে কুয়েটের অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়।

এতে ৫/৬ জন ছাত্র আহত হয়েছে। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হয়। মূলত পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই কর্তৃপক্ষ বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার বলেন, কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও শনিবার সকাল ও বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কুয়েটে যথারীতি অনুষ্ঠিত হবে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত