মুখের সামনে ভনভন করতে থাকা মশা তাড়িয়ে একবার নয়, পরপর তিনবার বলিউডের নামী সংগীতশিল্পী সোনু নিগম বললেন, “প্রচুর মশা, গান গাইব কীভাবে।”
কলকাতার সল্টলেকের একটি ক্লাবে আয়োজিত বৃহস্পতিবারের কনসার্টটি ছিল লোকে লোকারণ্য। সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী এক নেতা কালী পূজা উপলক্ষে সোনুসহ নামী গায়কদের আমন্ত্রণ জানান।
সেখানে গানের তাল কাটল মশার ভনভনানিতে। বিরক্ত সোনু বললেন, “গান গাইব কী করে! মশা আর পোকামাকড় তো মুখের ভেতর ঢুকে পড়ছে!”
জলসায় হাজির এক শ্রোতা বলেন, ‘‘কয়েক দিন ধরেই এই এলাকায় মশা খুব বেড়েছে। মশার গান শিল্পীর গানকেও ছাপিয়ে যাচ্ছিল।’’
তবে শেষমেশ মশা তাড়ানো সম্ভব হয়। দুটি বড় সাইজের স্ট্যান্ড ফ্যান ফুল স্পিডে চালিয়ে মশা উড়িয়ে জলসা পুনরায় শুরু করা হয়। তবে এই ঘটনাকে ঘিরে আয়োজনকারীদের মধ্যে শুরু হয়েছে পরম্পরকে দোষারোপ।
ওই এলাকার বাসিন্দাদের বক্তব্য, বলিউডি গায়কের মশা নিয়ে উদ্বেগ প্রকাশের ঘটনায় সারা দেশের কাছে মাথা হেঁট হয়ে গিয়েছে বিধাননগরের।
