ভোলার মনপুরায় গৃহবধূকে চরে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নজরুল ইসলামকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রবিবার দুপুরে মনপুরা আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারিক হাকিম মো. নুরু মিয়া।
মনপুরা থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রিমান্ড মঞ্জুর করেছে। আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো কোনো তথ্য উদ্ঘাটিত হয়নি।
মামলার নথি থেকে জানা গেছে, ২৬ অক্টোবর চরফ্যাশনের দক্ষিণ আইচা এলাকায় বাবার বাড়ি থেকে বেতুয়া লঞ্চঘাট হয়ে স্পিডবোটে মনপুরায় শ্বশুরবাড়িতে ফিরছিলেন ওই গৃহবধূ। পথে বোটে থাকা যাত্রী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেলাল পাটোয়ারী (৩৫), রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) ও কিরণ (২৬) বোটটিকে পার্শ্ববর্তী নির্জন চরপিয়ালে নিয়ে যায়। পরে বোটের মালিক দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম (৩০) আরেকটি স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছে। এরপর সবাই মিলে গৃহবধূকে ধর্ষণ করে। নজরুল ধর্ষণের ভিডিও ধারণ করে ফেইসবুকে দেবে বলে হুমকি দেয় গৃহবধূকে। এ ঘটনায় স্পিডবোট চালকসহ ৬ জনকে আসামি করে মনপুরা থানায় মামলা দেন ওই নারী। মামলার ৫ নম্বর আসামি নজরুল ইসলাম।
