বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতব গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে খাসতবক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- হামিদা বেগম (৪০), তার ছেলে রাসেল (১৪) ও ভাসুর দেলোয়ার হোসেন (৬৫)।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগান থেকে সুপারি চোরে নিয়ে যাওয়া ঠেকাতে গাছের চারপাশের বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন দেলোয়ার হোসেন। সোমবার ভোরে দেলোয়ার বিদ্যুৎ লাইন সরাতে গেলে প্রথমে তিনি স্পৃষ্ট হন।
এরপর তাকে বাঁচাতে রাসেল ঘটনাস্থলে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাসেলের কথা শুনে তার মা ঘটনাস্থলে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর গ্রামবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তারা মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
