বাড়ির বাইরের রাস্তায় গরু বাঁধায় দলবল নিয়ে মালিককে পিটিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত।
ভারতের পশ্চিমবঙ্গের মালদার মোথাবাড়ির পঞ্চানন্দপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জি নিউজ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় বাড়ির বাইরে একটি বাঁশের খুঁটিতে নিজের গরুটি বাঁধছিলেন অজয় কুমার দাস। ওই সময় মদ খেয়ে বাড়ি ফিরছিল চিরঞ্জিৎ মণ্ডল নামে এক ব্যক্তি।
রাস্তার পাশে কেন গরু বাঁধা হচ্ছে এনিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই সময় চলে গেলেও গ্রামেরই ছয়জনকে নিয়ে অজয়ের ওপরে চড়াও হয় চিরঞ্জিৎ। প্রচণ্ড মারধর করা হয় অজয়কে।
মারাত্মক আহত অবস্থায় অজয়কে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। পরে তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজে। রবিবার রাতে সেখানেই মৃত্যু হয় তার।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চিরঞ্জিৎ ও তার ছয় সঙ্গীর খোঁজে অভিযান শুরু হয়েছে।
