‘অপমান সইতে না পেরে’ রাঙ্গামাটির রাজস্থলীতে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন স্বজনরা।
গত রবিবার রাতে উপজেলার বাঙ্গালহালিয়ার নিজ বাসায় শামীমা আক্তার (১৭) নামের ওই ছাত্রী আত্মহত্যা করেন। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।
স্বজনরা জানান, শামীমার সঙ্গে রানা (২৪) নামে একজনের প্রেম ছিল। তিনি অন্যত্র বিয়ে করেন। পরে শামীমার প্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়। তখন রানা বিয়ের আগ্রহ প্রকাশ করলে শামীমা রাজি হননি। ক্ষিপ্ত হয়ে প্রবাসী ওই ছেলেকে তাদের অন্তরঙ্গ কিছু ছবি পাঠান রানা। সেগুলো দেখে ছেলেটি শামীমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এসব অপমান সইতে না পেরে শামীমা আত্মহত্যা করেন।
এদিকে শামীমার আত্মহত্যার পর ফুঁসে উঠেছেন এলাকাবাসী ও সহপাঠীরা। সকালে বাঙ্গালহালিয়া কলেজে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা রানার শাস্তির দাবি জানান।
চন্দ্রঘোনা থানার ওসি আশ্রাফ উদ্দীন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি।
